1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করল স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে শুরুতে সাফল্য পেলেও পরে আর সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের ইনিংস দলকে পথ দেখায়। তাকে সঙ্গ দেন ২৫ বলে ২৭ রান করা ইমেশা দুলানি। চতুর্থ উইকেটে নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাবিক্রমা ৬১ রানের জুটি গড়েন। হারশিথার ২৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ পায়। ২২ রানে অপরাজিত থাকেন নিলাকশিকা। বাংলাদেশের হয়ে তৃষ্ণা, সুলতানা, নাহিদা ও ঋতু মণি একটি করে উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ চমৎকার শুরু পায়। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ওপেনিং জুটিতেই আসে ৪৬ রান। দিলারা ২৩ বলে ২৩ রান করে আউট হওয়ার পর দলের হাল ধরেন সাবেক হকি খেলোয়াড় জুয়াইরিয়া। ২৩ বলে ২৯ রান করার পথে তিনি চারের পাশাপাশি ছক্কার প্রদর্শনীও দেখান।

জয়ের পথে থাকা বাংলাদেশ পথ হারায় মিডল অর্ডারে রান আউটের খাঁড়ায় পড়ে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭ রান করে রান আউট হন। তার বিদায়ের পরপরই রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সোবহানা মোস্তারি (০)। স্বর্ণা আক্তার ১২ রান করে বিদায় নিলে জয়ের আশা ম্লান হয়ে যায়।

শেষ দিকে শারমিন আক্তার ৪৪ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এতে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচে আগামী ২ মে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd