1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় আংশিক পরিবর্তনের ইঙ্গিত তামিমের

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেগা প্রকল্প পূর্বাচল স্টেডিয়ামের নকশায় আংশিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। শুরুতে এটি কেবল ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও, এখন সেখানে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার সুবিধা যুক্ত করার চিন্তাভাবনা চলছে। শনিবারক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে সঙ্গে নিয়ে পূর্বাচলে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তামিম।

আওয়ামী লীগ সরকারের আমলে পূর্বাচলে নৌকার আদলে মেগা এই স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের আগস্টে পটপরিবর্তনের পর ফারুক-বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড এর নাম ও নকশায় পরিবর্তনের উদ্যোগ নেয়। তবে বর্তমান সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, পুরো নকশা বাতিল না করে কেবল প্রয়োজনীয় অংশেই পরিবর্তন আনা হবে।

সাংবাদিকদের তামিম বলেন, ‘আজ মাননীয় প্রতিমন্ত্রী পুরো ডিজাইনটি দেখেছেন। আমরা তাকে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। কিছু জায়গায় পরিবর্তন প্রয়োজন, তবে শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়। যেখানে প্রয়োজন, সেখানেই করা হবে।’

তিনি আরও জানান, একটি বড় স্টেডিয়াম নির্মাণে সরকারের বড় বিনিয়োগ প্রয়োজন হয়। তাই ফারুক ও আমিনুলের বোর্ড যে ডিজাইনারদের সঙ্গে কাজ করেছে, প্রয়োজনে তাদের বা নতুন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে সমন্বয় করেই বিসিবি এগোবে।

পূর্বাচলে শুরুতে কেবল ক্রিকেটকেন্দ্রিক সুবিধা তৈরির পরিকল্পনা ছিল। তবে সেই পরিকল্পনা থেকে সরে এসে একটি স্পোর্টস হাব তৈরির কথা ভাবছে সরকার ও বিসিবি। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘পূর্বাচলে বরাদ্দকৃত মাঠে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ অবশ্যই হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে মাল্টিপারপাস স্পোর্টস সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ নিয়ে ইতোমধ্যে ক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চাই, এ প্রকল্প নিয়ে আর কোনো জটিলতা বা বিতর্ক না থাকুক। সবকিছু সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালও অন্যান্য খেলাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। আর্থিকভাবে শক্তিশালী হওয়ায় দেশের অন্যান্য খেলার উন্নয়নে বিসিবির দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এটি বড় একটি প্রকল্প। ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাগুলোকেও এখানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রিকেট বোর্ড আর্থিকভাবে তুলনামূলক শক্তিশালী, তাই অন্যান্য খেলাধুলার উন্নয়নেও আমাদের দায়িত্ব রয়েছে। সেই চিন্তা থেকেই এই প্রকল্পে বিভিন্ন স্পোর্টস যুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।’
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd