1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে হারের পর সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে দাপুটে জয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। আরেক পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে শিকার করেন দুই উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

১৯৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার।

এরপর পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে ১২০ রানের জুটি গড়েন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৪১ রানে আউট হন তানজিদ হাসান তামিম। ৫৮ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৬ রান করেন তানজিদ হাসান তামিম।

তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি।

৭১ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেলে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৮৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। তাওহীদ ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে ৮ রান করেন মিরাজ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd