মতিঝিলনিউজ লাইফস্টাইল ডেস্ক : শুধু স্বাদ নয়, পাকা পেঁপে গুণেও সেরা। অনেকে পাকা পেঁপে কিনতে গিয়ে শুধু রঙ দেখে কিনে নেন। তারপর বাড়িতে এসে খোসা ছাড়িয়ে এক কামড় দিতেই বুঝতে পারেন, শুধু রং ধরেছে, পেঁপে এখনও পাকেনি। পেঁপের মধ্যে মিষ্টি ভাব একদম নেই, খেতে বিস্বাদ। তার উপর আবার শক্ত। অথচ পাকা পেঁপে নরম এবং মিষ্টি হয়। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আম, পেঁপে, তরমুজের মতো ফল দ্রুত পাকানোর জন্য রাসায়নিক প্রয়োগ করে। কৃত্রিম উপায়ে পাকানো ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আসল পাকা পেঁপে চেনার কিছু উপায় জেনে নিন-
রং দেখে বিভ্রান্ত হবেন না
সাধারণত পেঁপের রং দেখেই চেনা যায়। প্রাকৃতিক ভাবে পেঁপে পাকলে তার কোনও অংশ হলুদ, আবার কোনও অংশ সবুজ হয়ে থাকে। পাশাপাশি পেঁপের গায়ে কালো দাগও থাকতে পারে। এ ধরনের পেঁপের খোসা একেবারেই মসৃণ হয় না। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপের গা তেলতেলে এবং রং উজ্জ্বল হয়। এমন পেঁপে না নেওয়াই ভালো।
গন্ধ শুঁকে চিনে নিন
রং দেখে বুঝতে না পারলে পেঁপের গন্ধ একবার শুঁকে দেখুন। পাকা পেঁপের নিজস্ব একটা মিষ্টি গন্ধ থাকে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপের কোনও গন্ধই থাকে না। এতে সহজেই পেঁপে গাছ পাকা কি না, তা বোঝা যায়।
পেঁপে নরম কিনা তা যাচাই করুন
পেঁপের বৃন্তের দিকটি হাত দিয়ে চেপে দেখুন। যদি হালকা নরম হয় তা হলে বুঝবেন এতে রাসায়নিক মেশানো নেই। অনেক সময়ে পেঁপের নীচের অংশ অতিরিক্ত পেঁপে নরম হয়ে যায়। কিন্তু কৃত্রিম ভাবে পাকানো পেঁপে শক্তই থাকে। নরম হয় না। হলেও সম্পূর্ণরূপে নরম হয় না।
পেঁপে কেটে দেখুন
প্রাকৃতিক ভাবে পাকা পেঁপের ভিতরটা উজ্জ্বল কমলা, নরম ও রসালো হয়। বীজগুলো সুগঠিত থাকে এবং জেলির মতো স্তর দিয়ে ঢাকা থাকে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো পেঁপেতে ভিতরের রং ফ্যাকাশে হয়। পাশাপাশি বীজগুলো সাদাই থাকে, পরিপক্ক হয় না।
মতিঝিলনিউজ/এআর