1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

কুকুর-বিড়ালকে খাবার দেওয়ায় শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে খাবার এবং চিকিৎসা সেবা দেয়ায় এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম সৈয়দা নাসরিন আক্তার। তিনি ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষিকা।

সোমবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি পশ্চিম ধানমন্ডি এলাকার রাস্তার অসহায় কুকুর ও বিড়ালদের নিজ খরচে খাবার ও চিকিৎসা দিয়ে আসছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় জাকির হোসেন সান্টু (৫৫) নামের এক ব্যক্তি তাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সান্টু তাকে হুমকি দিয়ে বলেন, ওই এলাকায় কুকুর-বিড়ালকে খাবার দিলে তাকে গুলি করে মারা হবে।

ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি তাকে প্রায় ৩৫ মিনিট আটকে রেখে লাঞ্ছিত করেন। এর আগে গত বছরের ৫ জুলাই সান্টুর সহযোগী সামিউল ইসলামও তাকে একইভাবে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।

নাসরিন আক্তার জানান, এসব ঘটনায় তিনি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৩৬) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার কারণে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে ভয়ে ওই কর্মজীবী নারী কর্মস্থলে যেতে পারছেন না।

অভিযুক্তদের দাবি, কুকুর-বিড়ালের ডাকের কারণে তাদের ঘুমের সমস্যা হয় এবং বাড়ির ভাড়াটিয়ারা চলে যায়।

সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ করে বলেন, অসহায় প্রাণীদের সেবা করা কি আমার অপরাধ? আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd