1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার নতুন প্লাটফর্ম “গ্রিট”

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ন্যায়, সুশাসন, নাগরিক অধিকার ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে নতুন প্ল্যাটফর্ম “গ্রিট” (গ্রোথ, রেজিলিয়েন্স, ইন্টিগ্রিটি ও ট্রান্সফরমেশন)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া। তিনি বলেন, “গ্রিট” একটি অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও প্রগতিশীল সমাজ গড়তে কাজ করবে। মানুষের মধ্যে আস্থা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এছাড়া বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আরফান নাহিদও উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী মানুষের অধিকার, মর্যাদা ও সেবা নিয়ে আলোচনা করেন সংগঠনের পরিচালক নুরুন্নাহার নুপুর ও মো. হেদায়তুল আজিজ মুন্না।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদা হাবীবা “গ্রিট”-এর সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। সংগঠনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ মূল বক্তব্যে বলেন, “গ্রিট” একটি ন্যায়ভিত্তিক, জ্ঞানসমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে কাজ করবে। তিনি আরও জানান, তারা গণস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সহায়তা, নারীর ক্ষমতায়ন, অনলাইন ও অফলাইনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেবে।

অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক (অপারেশন) আহসান হাবিব রায়হান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিলুফার ইয়াসমিন টুম্পা এবং সদস্য মামুনুর রশীদ সৈকত।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd