1. admin@motijheelnews24.com : admin :
       
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সাগরিকার গোলে প্রথমার্ধ শেষে লিড বাংলাদেশের

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ ক্রীড়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের প্রমাণের মিশনে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আফঈদা খন্দকারের দল। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন ফরোয়ার্ড সাগরিকা।

ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক আক্রমণে লিড নেয় বাংলাদেশ। মমিতা খাতুনের পাস থাই রক্ষণভাগকে বোকা বানিয়ে খুঁজে নেয় সাগরিকাকে। বল পাওয়ার পর তার সামনে থাইল্যান্ডের কোনো ফুটবলার ছিলেন না। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে থাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। আর এই গোলের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে এশিয়ান কাপের মঞ্চে গোল করার অনন্য কীর্তি এখন সাগরিকার।

সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ের টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। ছয়বার অংশ নিয়ে পাঁচবারই শিরোপা জিতেছে তারা। তবে এশিয়ান পর্যায়ের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সেই কঠিন চ্যালেঞ্জ নেওয়া শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এর আগে ২০০৪ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নিয়েছে এবং এ নিয়ে অষ্টমবারের মতো এশিয়ান কাপে খেলছে।

সিনিয়র পর্যায়ের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও রয়েছে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ। এই আসরের সেরা চারটি দল আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

তবে বাংলাদেশের জন্য বিশ্বমঞ্চের এই পথটি বেশ কঠিন। ‘এ’ গ্রুপে থাইল্যান্ড ছাড়াও বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। চীন ২০০৬ সালের চ্যাম্পিয়ন এবং ভিয়েতনাম সর্বশেষ তিন আসরেই খেলেছে। এই চার দলের মধ্যে বাংলাদেশই সবচেয়ে অনভিজ্ঞ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd