কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও যুবদল নেতাকর্মীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পল্টন থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
ঘটনার পর জাসদ কার্যালয় ও আশপাশের পুরো এলাকা ঘিরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সেখানে যুবদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হয়ে বৈঠক করার খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।