1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
জনগণই তাদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেবে।’

আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দল-মত-নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।
এই অঞ্চল ঐতিহ্যবাহী এলাকা। অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক-ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস রয়েছে এখানে। আমরা ১৯৭১ সালের বীরদের কখনো ভুলব না।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন।
অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেননি। আমি সেই সময়ের কথা ভুলিনি, ভুলতেও পারি না। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি।
জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রেখেছে। সে কারণেই বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, ‘এখন বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। জনগণ তাদের ওপর বিশ্বাস রেখেছে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মারামারি কিংবা দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না। যদি তা সম্ভব হতো, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। অল্প সময়ের মধ্যেই আমরা অনেক উন্নয়নমূলক কাজ শুরু করতে পেরেছি। জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়, কারণ বিএনপি কাজ করতে পারে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd