মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : একটি রাত, কিছু অচেনা মানুষ আর অতীতের খোঁজ—এমন গল্প নিয়েই আসছে নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’। প্রচারঝলক প্রকাশের সঙ্গে রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রথম প্রচারঝলক। আর সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড।’ তার এই বার্তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল পরিচালক চৈতি ঘোষালের প্রথম সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে ঋতুপর্ণাকে। প্রচারঝলক প্রকাশের মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো।
সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। যদিও অভিনয়ে তিনি নতুন নন, তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় কাজ করেছেন। এই নতুন যাত্রায় তার অন্যতম সহশিল্পী হয়েছেন ঋতুপর্ণা।
‘নেভার মাইন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের একটি অধ্যায়ের খোঁজে পৌঁছে যান কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে। সেখানে পরিচয় হয় এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। এরপর ভিন্ন জীবনবোধ ও পেশার কয়েকজন মানুষের গল্প এক সুতোয় গাঁথা হয়।
নির্মাতাদের দাবি, কলকাতার পরিচিত পার্ক স্ট্রিটকে এ সিনেমায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। একইসঙ্গে থাকবে একটি মানবিক বার্তাও।
সিনেমাটির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। আর গান ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম।
মতিঝিলনিউজ/এআর