1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রাস্তায় যত্রতত্র থুতু বা ময়লা ফেললেই হবে জরিমানা

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র পানের পিক, থুতু ফেললেই হবে জরিমানা। রাস্তা নোংরা করলেই হবে জরিমানা। রাস্তায় ময়লা প্লাস্টিক ফেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা নেওয়া হবে। রবিবার এমন ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী তথা পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল।

রোববার উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি পৌরসভা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অগ্নিমিত্রা। এরপরেই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নয়া সরকারের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রী।

অগ্নিমিত্রা বলেন, “যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, পানের পিক ফেলা যাবে না। রাস্তা নোংরা করলেই ফাইন হবে। রাস্তায় ময়লা প্লাস্টিক ফেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মলে গেলে ভদ্র কিন্তু রাস্তায় নামলে আমরা অভদ্র কেন?”

নগরমন্ত্রী বলেন, “নাগরিকদের অভ্যাস শোধরানোর জন্য এবং সচেতনতা বাড়াতে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আগামী তিন মাস সময় দেওয়া হচ্ছে। কিন্তু, সেপ্টেম্বরের পরেও যত্রতত্র থুতু ফেলা হলে মোটা টাকার জরিমানা দিতে হবে।”

ক্ষমতায় আসার পরেই শহরকে পরিচ্ছন্ন রাখতে রাজ্যে স্বচ্ছ অ্যাপ চালু করেছে বিজেপি সরকার। কোথাও নোংরা দেখলেই ছবি তুলে এই অ্যাপে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। স্থানীয় নগরসভা সেই ছবি দেখে পরিস্কার করবেন। যে অভিযোগ জানাবেন আর যে কাজ করবেন তাদের জানানো হবে যে সমস্যার সমাধান করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বর্তমান কার্যকর আইন অনুযায়ী রাস্তায় থুতু ফেললে সাধারণত জরিমানা দিতে হয় ৫০০ টাকা। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আইন থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হতো না।

এমন অবস্থায় গত শুক্রবার রাজ্যের শহরগুলোকে আবর্জনামুক্ত করে পরিচ্ছন্ন রাখতে পুর ও নগর উন্নয়ন দপ্তর ২৪ দফা নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা যাবে না। এ ব্যাপারে প্রথম তিন মাস সচেতনতা প্রচার চালানো হবে। ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ অমান্য করলে জরিমানা হবে। কোনো পরিস্থিতিতেই শহরের বর্জ্য গাড়ি করে খোলা অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ফুলও ফেলা যাবে না যত্রতত্র। দখলমুক্ত করতে হবে রাস্তা ও ফুটপাথ। রাজ্যের ১১৯ টি পুরসভা, ৭টি পুরনিগম এবং ২টি নোটিফায়েড এরিয়া অথরিটি– এর এলাকায় এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd