1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে সাময়িক ব্যাঘাত কাটিয়ে আবারও সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে স্বাভাবিক সূচিতে ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছে সংস্থাটি।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে ফ্লাইট সূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও পরিস্থিতির উন্নতির পর ধাপে ধাপে সব রুটে কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ সংযোজন হিসেবে আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হচ্ছে।
প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকায় ফিরবে।

বর্তমানে ঢাকা থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও ফেরার পথে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে উড়োজাহাজটি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট চলছে। আবুধাবি রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালিত হচ্ছে।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু রয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতকে সহজ করেছে।

এয়ারলাইন্সটি জানায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এবং রিয়াদ ও জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

বর্তমান রুটের পাশাপাশি খুব শিগগিরই মদিনা ও দাম্মাম রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd