1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

পারিশ্রমিকে নায়িকাদের শীর্ষে আলিয়া

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ এখনও মুক্তি পায়নি, কিন্তু এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটির তারকাদের পারিশ্রমিক। বিশেষ করে আলিয়া ভাটের পারিশ্রমিক নতুন করে চমকে দিয়েছে বলিউডকে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘আলফা’তে কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এই অঙ্কের মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নতুন মাইলফলক গড়েছেন। একই সঙ্গে পারিশ্রমিকের হিসেবে ছাড়িয়ে গেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।

একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের বিভিন্ন প্রকল্প নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও দীর্ঘদিন ধরে নিয়মিত বড় পর্দায় দেখা যাচ্ছেন না।বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্যাটরিনা প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটির কিছু বেশি।

‘আলফা’য় আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা এই অভিনেতা ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের ব্যানারেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও।

এদিকে যশরাজের স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃত্বিক রোশনকে। তবে এই সংক্ষিপ্ত উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অ্যাকশনধর্মী এই সিনেমায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

অনেকেই মনে করছেন, এমন হেভিওয়েট অ্যাকশন চরিত্রে আলিয়াকে দেখা নতুন অভিজ্ঞতা হবে, আবার কেউ কেউ এ নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী।
মতিঝিলনিউজ /এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd