মতিঝিলনিউজ প্রতিবেদক : সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করায় দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
জমি সংক্রান্ত অভিযোগের খোঁজ নিতে পুলিশ ফাঁড়ি থেকে ফেরার পথে তিনি একদল ভূমি দস্যু ও আদালতের দাল চক্রের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার বিবরণ:
গত ১৮ অক্টোবর জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে নিজ বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের নয়নপুরের উদ্দেশ্যে রওনা হন সেন্টু। চলতি বছরের ২৪ জুলাই ও ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ বিষয়ে দুটি অভিযোগ দায়ের করেন তিনি।
কাউতলী ২নং পুলিশ ফাঁড়ির ওসি আলাউদ্দিনের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে নয়নপুরে নিজ বাসায় ফেরার পথে শহীদুল হক ওরফে ফরিদ মিয়ার নেতৃত্বে মমতাজ বেগম, মো. বাবুল, আব্দুল বাতেন, মোতালেব, আব্দুল্লাহ, হাবিজসহ অজ্ঞাত আরও কয়েকজন তার পথ আটকায়। পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে।
সেন্টুর ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে পথচারীরা অসুস্থ সাংবাদিক সেন্টুকে ঢাকাগামী বাসে তুলে দেন।
সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া:
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।
দৈনিক স্বদেশ-বিচিত্রার সম্পাদকসহ সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে থানা-পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।